বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট সমাধানে ৫ সদস্যের কমিটি গঠন, বিরোধী দলকেও অংশ নেওয়ার আহ্বান

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:৩৫ অপরাহ্ণ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়ার লক্ষ্যে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে অধিবেশনে এ ঘোষণা দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুধু দেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনা করে একটি যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং বিরোধী দলকেও সমসংখ্যক সদস্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। উভয় পক্ষের ১০ সদস্য নিয়ে একটি যৌথ প্ল্যাটফর্মে বসে আলোচনার মাধ্যমে কার্যকর পরামর্শ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এই কমিটির সুপারিশ সরকার বিবেচনায় নেবে এবং বাস্তবসম্মত হলে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

কমিটির প্রধান করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। অন্য সদস্যরা হলেন—প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সরকারদলীয় হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রীর এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ দেশের সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রাখবে এবং শিগগিরই বিরোধী দলের পক্ষ থেকেও পাঁচ সদস্যের নাম প্রস্তাব করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ