বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ৭ মে, ২০২৬ । ১১:৩০ পূর্বাহ্ণ

সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে, আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারব না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি বলে সরকার ও জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সে অবস্থায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।”

চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে। এসব অভিযানে দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ