যুক্তরাজ্য ও তুরস্কের পর এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বিমান ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ডিনাটা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আল আমৌদি। এ সময় ডিনাটার আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে রাষ্ট্রদূত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় ডিনাটার আগ্রহের কথা জানান।
জবাবে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। পরিচালন প্রস্তুতি, সক্রিয়করণ ও রূপান্তর কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার পর সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করবে।

