মানিকগঞ্জ জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা ও দুটি পৌর শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি।
শনিবার (১৬ মে) সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলুপ্ত হওয়া উপজেলা শাখাগুলো হলো— মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, সিঙ্গাইর, হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলা বিএনপি। এছাড়া মানিকগঞ্জ পৌর ও সিঙ্গাইর পৌর বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, এসব কমিটি ২০২১ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে কমিটিগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি কয়েকজন নেতার মৃত্যু এবং নিষ্ক্রিয়তার কারণেও পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি মানিকগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। পরে প্রায় চার মাস পর সেটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর এটিই তাদের প্রথম বড় সাংগঠনিক সিদ্ধান্ত।
শুক্রবার বিকেল চারটার দিকে জেলা সদরের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি রাত পৌনে ১০টা পর্যন্ত চলে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গোলাম কিবরিয়া সাঈদ বলেন, “দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে উপজেলা ও পৌর পর্যায়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”
তিনি আরও জানান, নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর তারা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি পুনর্গঠনের কাজ শুরু করবে।

