সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ১০:১১ পূর্বাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার হোসেন নয়ন ওই ইউনিয়নের গাংরা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
বুধবার (৬ মে) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গাংরা বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে পৌঁছালে নয়নকে গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বোন কোহিনুর আক্তার জানান, চিকিৎসকদের পরামর্শে প্রথমে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে অক্সিজেন সংকট থাকায় পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের সঙ্গে একই এলাকার একটি পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, নিহতের মরদেহ এখনও চৌদ্দগ্রামে আনা হয়নি। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ