প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ পুরুষ ক্যাটাগরিতে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলার দুই গুণী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও আহসান উদ্দিন। শনিবার (২৩ মে) জেলা বাছাই কমিটির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
গুরুত্বপূর্ণ এই বাছাই কমিটিতে ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা প্রিয়াংকা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান উদ্দিন নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে।
এ ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং হরিরামপুর উপজেলার কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উর্মি আক্তার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, ঘিওর উপজেলার চঙ্গশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম শ্রেষ্ঠ কাব শিক্ষক এবং হরিরামপুর উপজেলার আন্দারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ জানান, শিক্ষকদের ছয়টি পদে মোট সাতজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। অত্যন্ত নিখুঁতভাবে যাচাই-বাছাই শেষে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন পুরুষ ও একজন নারী শিক্ষককে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে। গুণী এই শিক্ষকদের এমন কৃতিত্বপূর্ণ অর্জনে জেলার শিক্ষা পরিবার ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

