সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে প্রথমবার মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

🕙 প্রকাশিত : ২৪ মে, ২০২৬ । ১১:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক নতুন মাইলফলক রচিত হলো। মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করেছেন আদালত। দেশে এতো অল্প সময়ের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের ঘটনা এটিই প্রথম। রায়ে শাকিল হোসেন নামের ওই যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশুটি। ওই একই মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন। পথে শিশুটিকে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে পৌঁছায় মেয়েটি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।আইন অনুযায়ী, পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর ২৯ কার্যদিবসের মধ্যে এ ধরনের মামলার রায় ঘোষণার নির্দেশনা রয়েছে। মেহেরপুরের এই আদালত সেই আইনি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে দেশে নজির স্থাপন করেছেন।রায় ঘোষণার সময় আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। পরে আদালতের নির্দেশে পুলিশ তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে।এই দ্রুততম বিচার প্রক্রিয়াকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সবাই। মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য।

তিনি বলেন, “মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে কোনো মামলার রায় ঘোষণা করা হলো। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে এই দ্রুততম রায় বিচারপ্রার্থীদের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ