বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় টাস্কফোর্স গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার

🕙 প্রকাশিত : ১১ জুন, ২০২৬ । ৭:৩০ পূর্বাহ্ণ

প্রবাসীদের হয়রানি, দালালচক্র ও প্রশাসনিক জটিলতা থেকে রক্ষায় সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের শুধু ‘টাকার মেশিন’ হিসেবে না দেখে রাষ্ট্রের উচিত তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী উত্থাপিত এক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ‘শ্রমিক’ হিসেবে অভিহিত না করে আরও সম্মানজনক সম্বোধন ব্যবহার করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিদেশগামী মানুষকে কোনোভাবেই রপ্তানিপণ্য হিসেবে দেখা উচিত নয়; বরং রাষ্ট্রের উন্নয়নে অবদানের স্বীকৃতি দিয়ে তাদের বীরের মর্যাদা দেওয়া উচিত।

তিনি বলেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, দেশের জন্য ‘বুদ্ধিবৃত্তিক রেমিট্যান্স’ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে অবস্থানরত দক্ষ ও মেধাবী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের সম্পত্তি সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, অনেক প্রবাসী দেশে ফিরে আত্মীয়স্বজনের মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও হয়রানির শিকার হন। জমি হস্তান্তর ও মালিকানা সংক্রান্ত জটিলতা সহজ করতে আইন মন্ত্রণালয়ের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নামের বানান বা বয়সে সামান্য অসঙ্গতির কারণে অনেক প্রবাসী পাসপোর্ট নবায়ন করতে পারছেন না। ফলে তারা বিদেশে অনিয়মিত অবস্থানে পড়ছেন। প্রবাসে বসেই এসব জটিলতা সমাধানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নিম্ন আয়ের প্রবাসীদের দুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দালালচক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিদেশে কোনো বাংলাদেশির মৃত্যু হলে রাষ্ট্রীয় খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থাও নিশ্চিত করার দাবি জানান।

দূতাবাসের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, যেসব দেশে প্রবাসীদের সমস্যা বেশি, সেখানে সংসদীয় টাস্কফোর্স পাঠিয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে।

সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিলে বিরোধীদল সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ