দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চালুর ঘোষণা আসতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করা হবে। পরিকল্পনা অনুযায়ী, পুরো বেতন কাঠামো বাস্তবায়নে তিনটি অর্থবছর সময় লাগতে পারে। প্রথম ধাপে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনসেবা খাতে এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৭২ হাজার ২৪ কোটি টাকা, যা তুলনামূলকভাবে প্রায় ৯৬ শতাংশ বেশি।
তবে পরবর্তীতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে জনসেবা খাতের বরাদ্দ বাড়িয়ে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা করা হয়। সেই হিসাবে নতুন অর্থবছরে এ খাতে ব্যয় বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত বরাদ্দের পুরো অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না। এর একটি অংশ নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের ব্যয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং পেনশনভোগীদের অতিরিক্ত সুবিধা প্রদানে ব্যবহার করা হবে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন এবং ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

