বুধবার

২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্ভাবকের স্মার্ট কারে চড়ে মুগ্ধ প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৮:১৫ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ‘এ টু আই স্মার্ট কার’ পরিদর্শন ও তাতে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ওয়াকিমুল ইসলাম তার তৈরি ব্যাটারিচালিত ছোট বাহনটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন এবং নিজেই চালিয়ে দেখান। তরুণ উদ্ভাবকের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট কার তৈরির জন্য ওয়াকিমুলের প্রশংসা করেন। পাশাপাশি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। এ ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাৎকালে ওয়াকিমুল ইসলাম জানান, একসময় তিনি একা বাইরে চলাফেরা করতে পারতেন না এবং অধিকাংশ সময় ঘরে থাকতে হতো। নিজের চলাচলের সমস্যার সমাধান খুঁজতেই তিনি স্মার্ট কার তৈরির কাজ শুরু করেন।

যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াকিমুলের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার চলতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ