কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বুধবার জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সরকারি দলের সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পর বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) থেকে প্রয়োজনীয় সনদও অর্জন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক নিয়ম ও পরিচালনাগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, পূর্ণ সক্ষমতায় প্রশস্ত দেহের (ওয়াইড-বডি) বিমান ওঠানামার সুবিধা নিশ্চিত করতে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি আধুনিক আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। প্রয়োজনীয় সব অপারেশনাল সুবিধাসহ টার্মিনালটি বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং পর্যায়ে রয়েছে।
মন্ত্রী বলেন, এসব কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে। এরপরই কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য চালু করা সম্ভব হবে।
সূত্র: বাসস

