শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন, লগআউট ফেসবুক-মেসেঞ্জার

🕙 প্রকাশিত : ১২ জুন, ২০২৬ । ২:৩৪ অপরাহ্ণ

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ করে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এতে অনেক ব্যবহারকারীর ফেসবুক আইডি ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। পাশাপাশি লগইন, ফিড লোডিং এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে না পারার অভিযোগ জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্ল্যাটফর্মেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সংবাদমাধ্যম ইউনিলেইডের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন যে তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। অনেকের অ্যাকাউন্ট হঠাৎ লগআউট হয়ে গেছে, আবার কেউ লগইন করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন।

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ফাস্টডাউনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার রিপোর্ট করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের ব্যবহারকারীদের অভিযোগ সবচেয়ে বেশি।

ব্যবহারকারীরা জানান, কেউ ফেসবুকের নিউজফিড দেখতে পারছেন না, আবার কেউ মেসেঞ্জারে বার্তা পাঠানো বা গ্রহণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের ক্ষেত্রে অ্যাপ খুললেও কনটেন্ট লোড হচ্ছে না।

তবে কী কারণে এই বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি মেটা। সমস্যা কতক্ষণ স্থায়ী হতে পারে, সে বিষয়েও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ভোগান্তির অভিজ্ঞতা শেয়ার করছেন। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সার্ভার বা অবকাঠামোগত কোনো সাময়িক সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা ব্যবহারকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ