বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণে জমি দেবে বিজেপি: এনডিটিভি

🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ৭:২৯ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি—দলীয় নেতাদের বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সময়ে সীমান্তে বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারেও সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে এ কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল।
বিজেপি নেতারা জানান, সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা তাদের প্রধান লক্ষ্য। এ জন্য রাজ্য সরকারের সহযোগিতায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদার করা হবে। পাশাপাশি ‘শনাক্ত, নির্মূল ও বিতাড়ন’ নীতি বাস্তবায়নের কথাও উল্লেখ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্তবর্তী এলাকায় জনতাত্ত্বিক পরিবর্তন রোধে কঠোর নজরদারি চালানো হবে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
এক দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার চেষ্টা চালিয়ে আসছিল বিজেপি। সর্বশেষ নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ায় জানান, রাজ্যে প্রথমবারের মতো ‘পদ্ম’ ফুটেছে।
বিশ্লেষকদের মতে, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনামলে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন ছিল। বিশেষ করে সীমান্তে বিএসএফের কার্যপরিধি বাড়ানো, সিএএ-এনআরসি বাস্তবায়ন এবং বিভিন্ন তদন্ত ইস্যুতে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে।
এর আগে ২০২১ সালে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে তৎকালীন রাজ্য সরকার। এছাড়া সিএএ ও এনআরসি বাস্তবায়ন নিয়েও কেন্দ্র-রাজ্যের মধ্যে তীব্র মতবিরোধ ছিল।
তবে নতুন সরকার গঠনের পর এসব অচলাবস্থা দ্রুত কেটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ