বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রধান কাজ লেখাপড়া—এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনৈতিক পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে হবে। এখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, দলীয়করণের কোনো সুযোগ নেই।”
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই সংকট শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বিরাজমান। জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক দেরিতে এবং সীমিত পরিসরে মূল্য সমন্বয় করেছে, যাতে কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষ কম ক্ষতিগ্রস্ত হন।
তিনি আরও বলেন, অনেক দেশে পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে কারফিউ পর্যন্ত জারি করতে হয়েছে, তবে বাংলাদেশ এখনো সেই পর্যায়ে যায়নি। সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে বড় কোনো সংকট তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি। তবে বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন এবং তা মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।
সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সবসময় থাকে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তাদের কোনো দল নেই এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। “আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান।

