বুধবার

৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নিখোঁজ মাকে পেতে ছোট্ট সন্তানের আহাজারি

🕙 প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ । ৫:২৩ অপরাহ্ণ

মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর থেকে রুমি আক্তার (২৫) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। নিখোঁজ রুমির ৬বছরের ছেলে রাহুল মায়ের জন্য অঝোরে কাঁদছে, এমনকি মায়ের কথা বলতে বলতে সে প্রায় খাওয়া-দাওয়াও বন্ধ করে দিয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ রুমি স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাজী নগর কসবা নামক গ্রামে । তার মা শিউলী আক্তার (৪০) গত মঙ্গলবার (৬ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে রুমি আক্তার গত ৬ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আসে। সেখানে পৌঁছে সে মাকে ফোন করে জানায় যে, সে হাসপাতালে এসেছে।
পরবর্তীতে বেলা আনুমানিক ১টার দিকে মা শিউলী আক্তার তার মেয়ের মোবাইল নম্বর ০১৩১২০০২৫৬৬-এ ফোন করে জানতে চাইলে রুমি জানায়, সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করছে এবং বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় রয়েছে। এরপর থেকে রুমি আক্তার আর বাড়িতে ফেরেনি।
পরিবারের সদস্যরা জানান, পরে তারা রুমির মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে বাড়িতে খোঁজ নিয়ে পরিবার দেখতে পায়, রুমি আক্তার বাড়ি থেকে যাওয়ার সময় নগদ প্রায় ১ লাখ টাকা, জমির দলিল, ব্যাংকের চেকবই এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার সাথে নিয়ে গেছে। পরিবারের ধারণা, কোনো অজ্ঞাত ব্যক্তি কৌশলে তাকে অপহরণ করে কোথাও আটক করে রেখেছে।
নিখোঁজ রুমি আক্তারের স্বামী মোঃ সোহেল হোসেন জানান, “আমরা যেকোনো অবস্থায় রুমিকে ফিরে পেতে চাই। আমাদের ৬বছরের ছেলে রাহুল মায়ের জন্য সারাদিন কান্না করছে। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দ্রুত আমার স্ত্রীকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কোনো হৃদয়বান ব্যক্তি যদি রুমি আক্তারের সন্ধান পান, তাহলে দ্রুত তার স্বামী মোঃ সোহেল হোসেনের মোবাইল নম্বর ০১৭৯৯-৩৯৬৭০২-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।
স্থানীয় এলাকাবাসীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত রুমি আক্তারকে উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ