বৃহস্পতিবার

২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যানফিল্ডকে বিদায় বললেন মোহামেদ সালাহ, মৌসুম শেষে ছাড়ছেন লিভারপুল

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৬:১৭ পূর্বাহ্ণ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ডে নিজের দীর্ঘ অধ্যায়ের ইতি টানছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক আবেগঘন ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের সিদ্ধান্ত জানান সালাহ। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে। এই শহর ও এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছে। লিভারপুল কেবল একটি ক্লাব নয়, এটি একটি আবেগ।”

গত বছর দুই বছরের জন্য চুক্তি নবায়ন করলেও নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো যায়নি। একাধিক ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সালাহ বলেছিলেন, “আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।” পারফরম্যান্সের ওঠানামা ও কোচের সঙ্গে দূরত্ব—সব মিলিয়ে বিদায়ের ইঙ্গিত আগেই মিলছিল।

২০১৭ সালে ইতালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর দ্রুতই তিনি হয়ে ওঠেন দলের পুনর্জাগরণের অন্যতম নায়ক। লিভারপুলের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার স্থান দখল করেছেন তিনি।

তার ক্যারিয়ারে রয়েছে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও তিনি উজ্জ্বল—চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট।

সমর্থকদের উদ্দেশে সালাহ বলেন, “আপনারা আমাকে জীবনের সেরা সময় দিয়েছেন। আপনাদের কারণে আমি কখনো একা হাঁটব না।”

এদিকে লিভারপুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে সালাহ’র অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুম শেষে পারস্পরিক সম্মতিতেই এই বিচ্ছেদ ঘটছে। ক্লাব আরও জানায়, অ্যানফিল্ডে সালাহ’র ৯ বছরের অবিস্মরণীয় অবদান যথাযথ সম্মানের সঙ্গে উদযাপন করা হবে।

তবে এই তারকার পরবর্তী গন্তব্য কোথায়—সৌদি প্রো লিগ নাকি অন্য কোনো ক্লাব—তা এখনো স্পষ্ট হয়নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ