ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের মধ্যে চা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। সামান্য এ বিরোধই পরে বড় সংঘর্ষে রূপ নেয়।
রাত গভীর হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা এগিয়ে এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
তবে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, পুলিশকে ফোন দেওয়া হলেও তারা ঘটনাস্থলে যায়নি।

