বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গাংনীতে ভুট্টাখেতের পাশে উদ্ধার দুই বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৯:৩০ পূর্বাহ্ণ

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভুট্টাখেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া–সাহারবাটি সড়কের আট কবর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি জনবহুল সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বস্তু দুটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা ডাকাতি বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বোমাসদৃশ বস্তু সেখানে রেখে যেতে পারে। নির্জন সড়কের পাশে এমন বস্তু উদ্ধারের ঘটনায় আশপাশের গ্রামবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুশ জানান, উদ্ধার করা বস্তু দুটি লাল স্কচটেপ দিয়ে শক্তভাবে মোড়ানো ছিল। নিরাপত্তার স্বার্থে সেগুলো উদ্ধার করে একটি পানিভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে শক্তিশালী বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র বা নাশকতাকারী জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ