নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

🕙 প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ । ৭:১৯ এএম

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অশালীন আচরণের চেষ্টার অভিযোগে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ, গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করার সময় মৃত গৃহবধূর মা তাকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা ওই চালককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তি সাগর শেখ। তিনি উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া (২২) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাতে মরদেহটি থানায় নেওয়ার উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়।

পরিবারের অভিযোগ, গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে চালক সাগর শেখ একা ছিলেন। এ সময় তিনি সাদিয়ার মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সাদিয়ার মা অভিযোগ করেন, অ্যাম্বুলেন্সচালক তার মেয়ের শরীরের কাপড় সরিয়ে অনৈতিক কাজের চেষ্টা করছিলেন। বাইরে থেকে যাতে অ্যাম্বুলেন্সের ভেতরের ঘটনা দেখা না যায়, সে জন্য জানালাগুলো গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন সাগর শেখকে আটক করে মারধর করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সোমবার (৩১ আগস্ট) বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ