চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় দুই সপ্তাহের পূর্বাভাস দেবে জাপান

শহিদুল ইসলাম সুজনসম্পাদক ও প্রকাশক দৈনিক টেলিগ্রাম
🕙 প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ । ১২:০২ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঘটনা বাড়তে থাকায় আগাম প্রস্তুতি আরও জোরদার করতে সাত দিনের পরিবর্তে দুই সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস দেওয়ার পরিকল্পনা করছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। আগামী ২০৩০ সাল থেকে এ ব্যবস্থা চালুর আশা করছে সংস্থাটি।

জেএমএ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিপজ্জনক আবহাওয়ার ঘটনা বাড়ছে। একই সঙ্গে এসব ঘটনার তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে।

গত বছর জাপানে রেকর্ড উষ্ণ গ্রীষ্ম দেখা যায়। চলতি মাসে দেশটির চিবা অঞ্চলে প্রবল বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জাপান আবহাওয়া সংস্থা সর্বোচ্চ সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। তবে সংস্থাটির উদ্যোগে তৈরি একটি বিশেষজ্ঞ প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ এবং পূর্বাভাস প্রযুক্তির অগ্রগতির ফলে এখন দুই সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব।

জেএমএর কর্মকর্তা মাসায়ুকি কিয়োদা বলেন, সতর্কতাসহ দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাস চরম আবহাওয়ার ঘটনায় আগাম প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা আরও ঘন ঘন ঘটছে বলেও জানান তিনি।

অস্বাভাবিক আবহাওয়া বিশ্লেষণের দায়িত্বে থাকা কিয়োদা আরও বলেন, দীর্ঘ সময়ের পূর্বাভাস বিশেষ করে তুষারপাতের মতো পরিস্থিতিতে কার্যকর হবে। কারণ, তুষার পরিষ্কারের জন্য প্রয়োজনীয় জনবল সংগ্রহে অনেক সময় দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগে।

নতুন এই পূর্বাভাস ব্যবস্থা চালু হলে ভারী বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ, তুষারপাতসহ বিভিন্ন চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও আগে থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ