প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ । ২:১৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার এবং বিমসটেক—উভয় পক্ষ থেকেই প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দিনই একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কি না, সে বিষয়ে এখনো সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি। উপযুক্ত সময়ে বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি জানান, সকালে অনুষ্ঠিত বৈঠকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারত ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে বাংলাদেশ আশা করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও কাগজপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দ্রুত তাদের বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে মন্তব্যের প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীন আদালত একটি রায় দিয়েছেন। এ বিষয়ে কোনো বক্তব্য থাকলে তা আদালতে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, কোনো দেশ যেন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ না দেয়।

তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার পর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত হত্যা এবং ‘পুশ-ইন’ ইস্যুসহ দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ