মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা থেঁতলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই নারী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার ঘটনায় তদন্ত চলছে। এখনো দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

