জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা উচিত নয় এবং তাদের আন্দোলন ও ত্যাগের কারণেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন স্থানে গিয়ে নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও সাম্প্রতিক পরীক্ষার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, জলাবদ্ধতা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টিও শিক্ষার্থীদের মানসিক চাপে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্বেগ ও ভোগান্তির বিষয়ে দায়িত্বশীল মহল থেকে দুঃখ প্রকাশের পরিবর্তে তাদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, যেসব শিক্ষার্থীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তাদের আন্দোলন ও অংশগ্রহণই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি শিক্ষার্থীদের ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে শিক্ষা ব্যবস্থায় পরীক্ষামূলক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচন ইস্যুতে সরকারকে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় রাজনীতি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি সোনারগাঁ এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল এবং গ্যাস সংযোগসংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে ধরেন। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
পথসভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

