বন্যার বিরতি কাটিয়ে আবারও চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

🕙 প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ । ১০:৫৯ এএম

বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু হওয়ার মাধ্যমে এই রুটে স্বাভাবিকতা ফিরে আসে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস রোববার সকাল ১১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।

জানা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি নগরের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশ সফলভাবে অতিক্রম করে। গত কয়েক দিন এই এলাকার রেললাইন বন্যার পানিতে তলিয়ে ছিল।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকে চট্টগ্রামে আবারও ভারী বর্ষণ শুরু হলেও রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল পুনরায় শুরুর প্রস্তুতি সম্পন্ন করে। ট্রেন চলাচল শুরু করার আগে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন দুপুরে ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মো. সুবক্তগীন বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সত্ত্বেও গত মঙ্গলবার রেললাইনে পানি উঠে যায়। পরে সরকারের উচ্চ পর্যায় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, জান আলী হাট স্টেশনে আটকে থাকা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসও উদ্ধার করে চট্টগ্রাম স্টেশনে আনা হয়েছে। বর্তমানে রেললাইন ট্রেন চলাচলের জন্য নিরাপদ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাইন উদ্দিন মামুন জানান, গত মঙ্গলবার থেকে জান আলী হাট স্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেস রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় এবং পরে নিরাপদে গন্তব্যে পৌঁছে।

অন্যদিকে, জান আলী হাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেসও দুপুর ২টার দিকে একই অংশ অতিক্রম করে কক্সবাজারের পথে যাত্রা অব্যাহত রাখে।

গত মঙ্গলবার টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে যায়। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস মাঝপথে আটকে পড়ে এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

রেলওয়ের প্রকৌশলীরা জানান, বন্যার প্রবল স্রোতে রেললাইনের নিচের পাথর সরে গেলেও মূল রেললাইন বাঁকা হয়নি বা বড় ধরনের ক্ষতি হয়নি। পাথর পুনর্বিন্যাস এবং ঝুঁকিপূর্ণ অংশ উঁচু করার কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ