রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই বৃহৎ প্রকল্প, প্রধানমন্ত্রীর অগ্রগতি পর্যালোচনা বৈঠক

🕙 প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ । ১০:৫৭ এএম

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বৃহৎ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প দুটির অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজারে বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়। চীনের সিএমইসি গ্রুপ এ প্রকল্পে বিনিয়োগ করবে। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে প্রকল্পটি থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

তিনি আরও জানান, ২০২৮ সালের আগস্ট মাসের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৫ বছর ধরে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানির উদ্যোগে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হবে।

এই প্রকল্পের আওতায় প্রতিবছর বর্জ্য থেকে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা ব্যবহার করে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দৈনিক হিসাবে এর উৎপাদন ক্ষমতা হবে প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের সমপরিমাণ।

এ ছাড়া প্রকল্পটি থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহার করা হবে।

বৈঠকে জানানো হয়, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প দুটির কাজ সম্পন্ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ