প্রীতিকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব, সেমিফাইনালে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

🕙 প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ । ৮:৫৭ এএম

বিশ্বকাপের শেষ বত্রিশের সব ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর সূচি। কলম্বিয়া ও ঘানার ম্যাচ শেষে নির্ধারিত হয় নকআউট পর্বের পূর্ণাঙ্গ লাইনআপ। শেষ ষোলোতে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের, আর ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।

মায়ামিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে ছিল ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ। রোমাঞ্চকর সেই লড়াইয়ে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে মিসর, যারা এখন আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ।

এবারের বিশ্বকাপে নকআউট পর্বে একের পর এক চমক দেখা গেছে। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া-মিসর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশেষ করে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলো নিশ্চিত করা টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর লড়াই। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে।

ব্রাজিল ও নরওয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সিতে। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে। একই দিনে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলোর পর্ব। এছাড়া ৬ জুলাই ডালাসে স্পেন ও পর্তুগালের ম্যাচ নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ।

শেষ ষোলোর পর একদিন বিরতি দিয়ে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ না থাকলেও সেমিফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। নিজেদের ম্যাচগুলো জিততে পারলে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়ার সম্ভাব্য এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ঘিরে যে উন্মাদনা তৈরি হয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

এদিকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই ডালাসে। আর বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সিতে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ