ট্রসার্ড-লুকাকুদের দাপটে বড় জয়, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৭:৩১ এএম

গ্রুপপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে রুদি গার্সিয়ার দল।

প্রথম দুই ম্যাচে জয় না পাওয়ায় চাপে ছিল ‘রেড ডেভিলস’রা। মিসরের বিপক্ষে ১-১ ড্র এবং ইরানের সঙ্গে গোলশূন্য সমতার পর শেষ ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল তাদের। সেই লক্ষ্য সামনে রেখেই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইউরোপের দলটি।

ম্যাচের ২৮ মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ড গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন। বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে ডান পায়ের শটে জালে বল পাঠান তিনি। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়ান আক্রমণভাগ। ৫০ মিনিটে হ্যান্স ভানাকেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ট্রসার্ড। এরপর ৬৬ মিনিটে কেভিন ডি ব্রুইনা ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন।

৮৪ মিনিটে জাস্টের গোলে ব্যবধান কিছুটা কমায় নিউজিল্যান্ড। এতে সাময়িকভাবে গ্রুপ শীর্ষস্থান নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বেলজিয়াম।

৮৬ মিনিটে বদলি হিসেবে নেমে হেড থেকে গোল করেন রোমেলু লুকাকু। এরপর তার দারুণ হোল্ড-আপ প্লে থেকে সুযোগ কাজে লাগিয়ে অ্যালেক্সিস সিলমেকার্স পঞ্চম গোলটি করেন।

শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করে বেলজিয়াম। অন্যদিকে এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হলো নিউজিল্যান্ডের।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ