মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান

🕙 প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ । ১০:১৩ পূর্বাহ্ণ

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে রাখা ও হয়রানির অভিযোগ তুলে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, শেষ মুহূর্তে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও প্রতিবাদস্বরূপ তিনি তা গ্রহণ করেননি।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, তিনি ব্যক্তিগত সফরে নয়, রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি হিসেবে ভারত সফরে গিয়েছিলেন। তার সঙ্গে ঘটে যাওয়া আচরণকে তিনি ‘হয়রানিমূলক’ উল্লেখ করে বলেন, রাষ্ট্রের মর্যাদার প্রশ্নে তাৎক্ষণিক প্রতিবাদ প্রয়োজন ছিল।

জাহেদ উর রহমান বলেন, “ভারতের কর্তৃপক্ষ শেষ পর্যায়ে আমাকে প্রবেশের অনুমতি দিলেও আমি তা প্রত্যাখ্যান করেছি। কারণ একটি রাষ্ট্রের নিজস্ব অবস্থান ও মর্যাদা থাকা জরুরি।”

তিনি আরও বলেন, এই ঘটনার মাধ্যমে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন যে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার এবং দেশের স্বার্থ ও মর্যাদার প্রশ্নে আপস করবে না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হোক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন।

ভারত সফর প্রসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, যথাযথ আমন্ত্রণ পেলে তিনি অবশ্যই ভারত সফর করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে যৌক্তিক ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পূর্বনির্ধারিত সফরের অংশ হিসেবে গত রোববার (১৪ জুন) বিকেলে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি পৌঁছান জাহেদ উর রহমান। বিমানবন্দরে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাকে অভ্যর্থনা জানান। তবে ইমিগ্রেশন ডেস্কে গিয়ে তিনি দীর্ঘ সময় যাচাই-বাছাইয়ের মুখে পড়েন। এ সময় তার আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান নেওয়া হয় এবং তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলা হয়।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, তার নাম ‘ওয়াচলিস্টে’ থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা শেষে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানিয়েছে। ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, নজরদারি তালিকায় নাম থাকায় স্ক্রিনিং প্রক্রিয়ায় বিলম্ব হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ