বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ-পানি দিয়ে গোসল করে জামায়াতে ইসলামী ছাড়ার ঘোষণা দিয়েছেন শেখ খালিদ হাসান তারেক (৩০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শেখ খালিদ হাসান তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির বটতলা এলাকার বাসিন্দা।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তিনি দাবি করেন, ২০১১ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন আন্দোলন, মিছিল-মিটিং এবং জাতীয় নির্বাচনে দলীয় এজেন্ট হিসেবেও কাজ করেছেন।
তারেক বলেন, “দলে আমি কোনো মূল্যায়ন পাইনি। মন্দির পাহারা দেওয়ার বিষয় নিয়ে আমি আপত্তি জানিয়েছিলাম। এ নিয়ে ইউনিয়ন আমিরের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরপর থেকে আমাকে অবহেলা করা হচ্ছিল। ক্ষোভ ও কষ্ট থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিই।”
তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের আগে বুড়ির বটতলা এলাকায় সড়কের পাশে দুধ দিয়ে গোসল করে সেই ভিডিও ধারণ করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না। দল ত্যাগ করে দিছি।”
তবে তারেকের বক্তব্যের সঙ্গে একমত নয় স্থানীয় জামায়াত নেতৃত্ব। ফকিরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল আল মাসুম বলেন, “ওই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। তিনি শুধু জামায়াতকে সমর্থন করতেন বা ভালোবাসতেন।”
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

