রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে প্রায় ২০ জন নেতা-কর্মীকে নিয়ে মিছিলটি বের করা হয়। কিছু সময় স্লোগান দেওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
মিছিলে বহন করা ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে।” এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলকারীদের বেশিরভাগের মুখ মাস্কে ঢাকা ছিল। তবে ভিডিও ফুটেজ দেখে অন্তত দুজনকে শনাক্ত করা গেছে বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তার জানা ছিল না। তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো সংগঠনের ব্যানারে কর্মসূচি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

