পটুয়াখালীর বাউফল পৌর শহরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে আকস্মিক মিছিল অনুষ্ঠিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে থানা থেকে অল্প দূরত্বে এই ঝটিকা মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি শহরের রিকশাস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক।
মিছিলের ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপিসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিও উত্থাপন করা হয়।
এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘ফিরোজ ভাইয়ের মুক্তি চাই’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
ঘটনাটি আরও আলোচনার জন্ম দিয়েছে, কারণ মিছিলটি বাউফল থানা থেকে মাত্র প্রায় ৫০০ মিটার দূরত্বে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করতে পারল, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি এইমাত্র জানতে পেরেছি। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

