উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে এজেন্সিগুলোর জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
এ ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। কোনো অসাধু এজেন্সির কারণে বৈদেশিক কর্মসংস্থান খাতের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর নজরদারি ও তদারকি আরও জোরদার করা হবে।
মন্ত্রী জানান, প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় অবস্থান করা ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এ বিষয়ে মস্কোয় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতা দিতে বলা হয়েছে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশগামী কর্মীদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে প্রতিষ্ঠানটির বৈধতা, চুক্তির শর্ত এবং কর্মপরিবেশ সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে।

