ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত এবং হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে শরীয়তপুরে চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রোববার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
জেলা ড্যাবের সভাপতি ও জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মুন্নু মেডিকেল কলেজের প্রভাষক আর রাফি মো. নাঈমের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ বাহাউদ্দিন, মানিকগঞ্জ মেডিকেল কলেজের সাবেক পরিচালক চিকিৎসক আরশ্বাদ উল্লাহ, সোসাইটি অব সার্জনের সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান,মানিকগঞ্জ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন এবং সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আনিসুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, চিকিৎসাসেবা একটি মানবিক ও ঝুঁকিপূর্ণ পেশা। রোগীকে সুস্থ করে তোলাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় দায়িত্ব ও সাফল্য। কিন্তু সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই অনেক ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
চিকিৎসক বদরুল আলম চৌধুরী বলেন, চিকিৎসাসেবা দিতে গিয়ে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু রোগীর মৃত্যু বা জটিলতাকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি চিকিৎসকদের ওপর হামলা চালান। এমন পরিস্থিতি চলতে থাকলে চিকিৎসক ও নার্সদের মধ্যে মানসিক চাপ ও ভীতি তৈরি হবে, যা স্বাস্থ্যসেবার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।
চিকিৎসক আরশ্বাদ উল্লাহ বলেন, একজন চিকিৎসকের সবচেয়ে বড় তৃপ্তি রোগীকে সুস্থ করে তোলা। শরীয়তপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। অথচ চিকিৎসায় কোনো গাফিলতির প্রমাণ ছিল না। তারপরও তাঁকে নির্মমভাবে মারধর করে আহত করা হয়েছে।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-নার্সদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।
মানিকগঞ্জে মানববন্ধনে চিকিৎসক-নার্সদের নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন
🕙 প্রকাশিত : ২৪ মে, ২০২৬ । ১০:২০ পূর্বাহ্ণ

