রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার ডিএনএ পরীক্ষার কাজ শেষ হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবেদন হাতে পেলেই দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, শনিবার (২৩ মে) ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট হাতে এলে রোববারের (২৪ মে) মধ্যেই চার্জশিট জমা দেওয়া হতে পারে।
তিনি বলেন, “ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই দ্রুত চার্জশিট দাখিল করা সম্ভব হবে।”
গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে আসামি সোহেল রানার জবানবন্দি রেকর্ড করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার দায় স্বীকার করেন।
জবানবন্দিতে সোহেল রানা জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলার গুরুত্বপূর্ণ আলামত ও ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।

