শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৪:৫৫ পূর্বাহ্ণ

রাজবাড়ী পৌর শহরের একটি ছাত্রাবাস থেকে ফাহিম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকালে শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিম রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। তবে অসুস্থতার কারণে অন্য দুই শিক্ষার্থী তিনদিন আগে বাড়িতে চলে যাওয়ায় ফাহিম একাই কক্ষে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় আড্ডা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি।

পরদিন সকালে দীর্ঘ সময়েও তার কোনো সাড়া না পেয়ে সহপাঠীরা ডাকাডাকি শুরু করেন। পরে বাড়ির পেছনের বারান্দা দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ফাহিমের বাবা পুলিশে চাকরি করেন। ফাহিমও পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তার বাবা তাকে পড়াশোনা চালিয়ে যেতে পরামর্শ দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বিষয়টি নিয়ে অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ