আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থিতা চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বড় ধরনের প্রচারণা এখনও শুরু না হলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।
বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফল করা সম্ভব। আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের চমক, মেয়র প্রার্থী সাদিক কায়েম
🕙 প্রকাশিত : ১ মে, ২০২৬ । ৮:৪৫ পূর্বাহ্ণ

