বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ১:১৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য তাঁর এ হঠাৎ পরিদর্শন।

আজ বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে তিনি কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এসে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি একাধিক দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহান ও সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনসহ অধিকাংশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়েই নিজ নিজ কর্মস্থলে উপস্থিত ছিলেন এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন।

পরে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহানের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা ও সময়নিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহান বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালনে আরও সচেতনতা ও উদ্দীপনা সৃষ্টি হবে। আমরা সব সময়ই সরকারি নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ