মঙ্গলবার

১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

লিফট ছাড়াই শিগগিরই চালু হচ্ছে পিরোজপুর ২৫০ শয্যার হাসপাতালের চার তলা

🕙 প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ । ১০:০৬ পূর্বাহ্ণ

লিফট স্থাপনের কাজ শেষ না হলেও স্বল্প পরিসরে পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালের চারটি ফ্লোর চালু করার পরিকল্পনা করছে সরকার। আগামী ৩০ এপ্রিল অথবা সর্বোচ্চ ১৫ মে’র মধ্যে এই ফ্লোরগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের লিফট স্থাপনে কিছুটা সময় লাগছে এবং এটি আগামী আগস্টের মধ্যে স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লিফটের জন্য অপেক্ষা না করে হাসপাতালের চারটি ফ্লোর চালু করে স্বাস্থ্যসেবা শুরু করার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে তিনি বলেন, এটি শুধু পিরোজপুর নয়, সারা দেশেরই একটি সমস্যা। তবে পিরোজপুরবাসীর জন্য সুখবর হলো, আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে থাকা অকেজো বা সমস্যাযুক্ত যন্ত্রপাতি দ্রুত মেরামত এবং প্রয়োজনীয় স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যে পিরোজপুরের মানুষ আগের তুলনায় আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যদের নিয়ে সভা করেন প্রতিমন্ত্রী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ