মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটে এই দুর্ঘটনা। তবে ২৪ হাজার লিটার পামওয়েলসহ লরিটি ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিএ, টিসি এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫নং ঘাটপন্টুন এলাকা থেকে লরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম।
জানা গেছে, দুর্ঘটনার সময় লরিটি যশোর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল ২৪ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে। দৌলতদিয়া ঘাট থেকে ফেরি পার হয়ে পাটুরিয়া ঘাটে নামার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। ফলে লরিটি পেছনের দিকে সরে গিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস সদস্যরা লরির চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়। লরিটি উদ্ধার করতে বিআইডব্লিউটিএ, টিসি ও ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকারী জাহাজ হমজা কাজ পরিচালনা করে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী বলেন, “লরিটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘ সময় নিরলসভাবে কাজ করেছেন। দুর্ঘটনার পর চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।”
নির্বাহী প্রকৌশলী রবিউল আলম জানান, “ফেরিঘাটের ৫নং ঘাটপন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারানো তেলবাহী লরিটি উদ্ধার করা হয়েছে এবং লরিতে থাকা ২৪ হাজার লিটার তেলের কোনো ক্ষতি হয়নি।”

