উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গাইরে ৫৫ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় স্বরণ করে উপজেলার সর্বস্তরের মানুষ। বিজয় দিবসে সবার কন্ঠে ছিল দুর্নীতি, সন্ত্রাস, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয়।
এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় উপজেলার কেন্দ্রীয় মিনার । দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও পুলিশের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, বাসাবড়ী, যানবাহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উড়ানো হয় লাল-সবুজের জাতীয় পতাকা। আলোক সজ্জা করা হয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবন।উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহিদ মিনারে পুস্পঞ্জলী অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান।
এছাড়াও পুস্পঞ্জলী অর্পন করে জাতীর সূর্য সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, সিঙ্গাইর পৌরসভা, গণঅধিকার পরিষদ, ফায়ার সার্ভিস, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব, সিঙ্গাইর ডিগ্রী কলেজ, সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ডোনার এসোসিয়েসন অব সিঙ্গাইর, সিঙ্গাইর বাজার বনিক সমিতি, বেসরকারী সংস্থা ব্রাক ও সিসিডিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।
শ্রদ্ধাঞ্জলী শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শারীরিক কসরত, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা ও শহিদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান বিবেক প্রমূখ।
এসময় থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার, মঞ্জুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুল বাশার চৌধুরী, প্রানী সম্পদ অফিসার ডা: সাজেদুল ইসলাম, মৎস্য অফিসার সাদিয়া রহমান, উপজেলা প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার আহাদি হোসেন, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইব্রাহীম হোসেন, মুক্তিযোদ্ধা শহীদুর রহমান আখি, সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফুর রহমান ও সিংগাইর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিকীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ন বিজয় মেলার (চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়েছে।
আনন্দঘন ও উৎসবমুখোর পরিবেশে সিঙ্গাইরে মহান বিজয় দিবস উদযাপন
🕙 প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:১০ পূর্বাহ্ণ

