ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
দলবদল শেষে তিনি ডিপিএল মাঠে গড়ানোর বিষয়টিকে স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন। মাহমুদউল্লাহ বলেন, “সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।”
ডিপিএল শুরুর ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।”
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন, “প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালের পর এবার আবার তাদের হয়ে খেলছি। তারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং সুযোগ-সুবিধার দিক থেকে সবসময়ই ভালো অবস্থানে থাকে।”

