আগামী ২ জুলাই থেকে দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষায় নতুনত্ব হিসেবে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়ন পদ্ধতিতে সমতা আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্র আরও সমান হবে।

