বুধবার

১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদ দেখার অপেক্ষায় দেশ, ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি

🕙 প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ । ৬:৩২ পূর্বাহ্ণ

এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর এখন দোরগোড়ায়। ঈদকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ।

তবে সবার মনে এখন একটাই প্রশ্ন— ঈদ কবে? জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষজ্ঞদের মতে, বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে বুধবার সন্ধ্যায় দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে। অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ করে শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদ উদ্‌যাপন করা হবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বন্দর ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার থেকে বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় যানজট উপেক্ষা করেই মানুষ ছুটছে আপন ঠিকানায়। আবহাওয়া অফিস ঝড়ের পূর্বাভাস দিলেও স্বজনদের কাছে ফেরার আনন্দে তাতে ভাটা পড়েনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ