রবিবার

১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ

🕙 প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ । ৭:২৭ পূর্বাহ্ণ

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে রোববার সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে বিমানবন্দরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে যাওয়ার সময় মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল রয়েছেন।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে গত শুক্রবার (১৩ মার্চ) প্রায় পৌনে চার ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার শেষে সেদিন রাতেই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ