শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে একাধিক তাপপ্রবাহের শঙ্কা, তাপমাত্রা ছুঁইছুঁই ৪০ ডিগ্রি

🕙 প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ । ১২:১১ অপরাহ্ণ

বাংলা বছরের প্রথম মাস বৈশাখ শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি এপ্রিলজুড়ে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা নিয়ে জনজীবনে অস্বস্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে দেশে দুটি থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং একটি বা দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি, মাসজুড়ে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ও আঘাত হানতে পারে। এর মধ্যে প্রায় সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং এক থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, “আগামীকাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এপ্রিল মাসে তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। তবে এ বছর ২০২৪ সালের মতো টানা দীর্ঘ সময় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কম।”

উল্লেখ্য, ২০২৪ সালে টানা ৩৬ দিন তাপপ্রবাহ চলেছিল, যা সাম্প্রতিক সময়ে অন্যতম দীর্ঘ তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ