শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের উচ্চশিক্ষা হবে বিনামূল্যে, ঘোষণা প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ১৬ মে, ২০২৬ । ১:০৩ অপরাহ্ণ

মেয়েদের শিক্ষাকে আরও এগিয়ে নিতে ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার সুযোগ চালু করেছিলেন। আমরা সেটিকে ডিগ্রি বা স্নাতক পর্যন্ত সম্প্রসারণ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “যেসব মেয়েরা ভালো ফলাফল করবে, তাদের সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দেওয়া হবে, যাতে তারা উচ্চশিক্ষায় আরও উৎসাহিত হয়।”

খাল পুনঃখনন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা আরও স্বাবলম্বী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে, আমরা এটিকে আরও এগিয়ে নিতে চাই। খাল পুনঃখননের মাধ্যমে কৃষক ভাইরা উপকৃত হবেন। কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।”

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা করে পাবেন, যা সন্তানদের পরিচর্যা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করতে পারবেন।

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের বাজেট থেকেই এই কার্ড দেওয়া হচ্ছে। আগামী বাজেটে এর পরিধি আরও বাড়ানো হবে।”

সমাবেশে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত। এই চল্লিশ কোটি হাত একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ