প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই নির্বাচন কমিশনের লক্ষ্য।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনী কার্যক্রম সার্বিকভাবে পর্যবেক্ষণে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই এই নির্বাচনও সুষ্ঠু ও আরও উন্নতভাবে সম্পন্ন করতে কমিশন কাজ করছে।
শেরপুরের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেনাবাহিনী কিছুটা দূরে অবস্থান করছে। এ কারণে সেখানে বিজিবির মোতায়েন বাড়ানো হয়েছে। পাশাপাশি র্যাব, আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিইসি জানান, সকাল থেকেই পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। যদিও উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে, তবুও পরিস্থিতি সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রামের দুটি আসনের ফলাফল বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথ ও এ-সংক্রান্ত মামলা প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় বর্তমান নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং যেহেতু হাইকোর্টে বিচারাধীন, তাই এ বিষয়ে মন্তব্য করতে চান না।
স্থানীয় সরকার নির্বাচন ও পূর্ববর্তী সরকারের সময়কার কিছু চিঠিপত্র নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইন ও নতুন অধ্যাদেশের বিষয়গুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

