জ্বালানি তেলের তীব্র সংকট মোকাবিলা ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মানিকগঞ্জে অ্যাপভিত্তিক তেল বিতরণ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জ্বালানি তেল পরিস্থিতি মনিটরিং বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন এই ব্যবস্থার আওতায় নিবন্ধিত গ্রাহকদের তথ্যভিত্তিক একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। এরপর সেই ডাটাবেজের ভিত্তিতে পেট্রলপাম্পগুলো থেকে তেল সরবরাহ করা হবে। ফলে একজন গ্রাহক দিনে একাধিক পাম্প থেকে তেল নিতে পারবেন না—এমন নিয়ন্ত্রণও কার্যকর করা হবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাম্প মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। পাম্প মালিকরা জানান, ডিপো থেকে সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এলেও চাহিদা বেড়েছে। এতে প্রতিদিনই পাম্পগুলোতে চাপ বাড়ছে এবং বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি ও হুড়োহুড়িতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মানিকগঞ্জ-সাভার অঞ্চলের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম তেল পাওয়া যাচ্ছে, কিন্তু চাহিদা বেড়েই চলেছে। এতে পাম্পে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, দাহ্য পদার্থ থাকার কারণে পাম্পগুলো ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। সামান্য বিশৃঙ্খলাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে পাম্পগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের দাবি জানান তিনি।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের নিবন্ধন সম্পন্ন করে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে সরবরাহে স্বচ্ছতা আসবে এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত মজুতের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই অ্যাপভিত্তিক কার্যক্রম চালু করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

