স্থানীয় জাতের মাছ ও জলজ প্রাণী রক্ষায় মানিকগঞ্জের হরিরামপুরে চায়না দুয়ারী উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আন্ধারমানিক এলাকার পদ্মা নদীর পাড়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমাজকর্মী, কৃষক, জেলে, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইউপি সদস্য খলিলুর রহমানের সঞ্চালনায় পান্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গ্রিন কোয়ালিশনের সদস্য সোলায়মান হোসেন, নারী সংগঠনের নেত্রী সালমা বেগম, মৎস্যজীবী কাওছার হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার মো. মুকতার হোসেন ও ময়নুল হক।
বক্তারা বলেন, চায়না দুয়ারী শুধু মাছ ধরার জাল নয়, এটি মাছ ও বিভিন্ন জলজ প্রাণীর জন্য ‘মরণফাঁদ’। এই জালে ছোট-বড় মাছ, পোনা, ডিমওয়ালা মাছ, ব্যাঙ, কাঁকড়া, শামুকসহ নানা জলজ প্রাণী আটকা পড়ে এবং বের হতে পারে না। ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
তারা অবিলম্বে চায়না দুয়ারী উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

