কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্রের খবর পেয়ে অন্যান্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের একটি টহল দল। কিন্তু সেখানে গিয়ে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি হন টহল দলে থাকা এক পুলিশ সদস্য। ট্রাকচাপায় নিহত স্কুলছাত্রটি ছিল তাঁরই ১০ বছর বয়সী ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তুহিন (১০) কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা তানিয়া নাজনীন জানান, সকালে জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। তখন নিহত শিশুটির পরিচয় জানা যায়নি। টহল দলে গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন, নিহত শিশুটি তাঁরই ছেলে তুহিন। এ হৃদয়বিদারক দৃশ্যে উপস্থিত পুলিশ সদস্যরাও শোকাহত হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় বের হয়েছিল তুহিন। এ সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটক এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

